ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সাংবাদিকতায় আসতে হলে প্রশিক্ষণ নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকতায় আসতে হলে প্রশিক্ষণ নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

পিআইবিকে আরও শক্তিশালী করতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে: ইয়াসের খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতা পেশায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ নিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন, সরকার তা নিয়ন্ত্রণ করবে না। তবে সাংবাদিকতার মান ও পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই।

বুধবার রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রায়ই অভিযোগ করেন, এখন মোবাইল ফোন থাকলেই অনেকে সাংবাদিক হয়ে যান। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সাংবাদিকতা করতে চাইলে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করে এ পেশায় আসার আহ্বান জানান তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আরও ব্যাপকভাবে প্রশিক্ষণের আওতায় আনতে সরকার কাজ করছে। পিআইবিকে শক্তিশালী করা এবং সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কর্মসূচি বাড়াতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে তাঁর দূরদর্শী চিন্তার পরিচয় পাওয়া যায়। দেশের উন্নয়নে প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। পিআইবির সনদ দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ মর্যাদা বহন করে বলেও মন্তব্য করেন তিনি।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি ভবিষ্যতে অন্যদের প্রশিক্ষণ দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যযুদ্ধ ও গুজব মোকাবিলায় নাগরিকদের সচেতন হতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

তিনি অভিযোগ করেন, প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। দ্য ইকোনমিস্ট-এর একটি প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, অপতথ্য ও গুজব ছড়ানোর ক্ষেত্রে ওই দেশটি বিশ্বে শীর্ষে রয়েছে। মিথ্যাচারের মাধ্যমে সাময়িক বিভ্রান্তি তৈরি করা গেলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।

অপতথ্য প্রতিরোধে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে তিনি সম্পাদিত ও যুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন নাজমুল হাসান, রুম্পা ফারজানা ও মো. ইব্রাহিম। পরে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular