নিউজ ডেস্ক: নগদ ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সময় কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত বিলস ফর কালেকশন (বিসি) সেলিং রেটের বেশি দাম নিতে পারবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। নগদ বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে ব্যাংকগুলো সাধারণত টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট বিনিময় হার অনুসরণ করে। অন্যদিকে বিক্রির ক্ষেত্রে বিসি রেট ব্যবহার করা হয়। এখন নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সর্বোচ্চ হার হিসেবে বিসি সেলিং রেট কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বর্তমানে ব্যাংকগুলো প্রতি মার্কিন ডলারের বিসি বিক্রয় হার ১২৫ টাকা ৫ পয়সা থেকে ১২৫ টাকা ৪০ পয়সা নির্ধারণ করছে। নগদ ডলার বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ নেওয়ায় ব্যাংকে দাম ১২৬ থেকে ১২৭ টাকা পর্যন্ত উঠছিল। খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১২৭ টাকা ৫০ পয়সা থেকে ১২৮ টাকায়।-
নতুন নির্দেশনা কার্যকর হলে ব্যাংকগুলো নির্ধারিত বিসি সেলিং রেটের বেশি দামে নগদ ডলার বিক্রি করতে পারবে না। এ নির্দেশনা বাস্তবায়নে অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ঢাকানিউজ২৪/মহফ



