নিউজ ডেস্ক: এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।
শুক্রবার (২৭ নভেম্বর) দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। ফাইনালে ওঠার লড়াইয়ের পাশাপাশি গত আসরের সুপার ওভারে হারের স্মৃতি মুছে দেওয়ার সুযোগও রয়েছে বাংলাদেশের সামনে।
গত বছর ফাইনালে পাকিস্তানের কাছে সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশ ‘এ’ দলের। সেই ম্যাচে সুপার ওভারে বল করা রিপন মণ্ডল এবারও স্কোয়াডে রয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়ায় পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী রাব্বি টুর্নামেন্ট থেকে সরে গেছেন। তাঁদের পরিবর্তে মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কন খেলতে পারেন। চোটের কারণে সাইফউদ্দিনের পরিবর্তে দলে এসেছেন এসএম মেহেরব।
টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক সাইফ হাসান, করেছেন ১১৪ রান। বোলিংয়ে ইকবাল হোসেন ইমন নিয়েছেন পাঁচ উইকেট। গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানকে হারালেও শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।-
অন্যদিকে পাকিস্তান ‘এ’ দল গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দলটির মোহাম্মদ হাসনাইন ও সুফিয়ান মুকিম বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন।