ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে হল শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিত্যানন্দ পাল বলেন, ‘ঘটনার পরপরই ভুক্তভোগীর সঙ্গে কথা বলে তাকে ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে যাদের ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, তাদের বিরুদ্ধে গত রাতেই প্রাথমিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাটি রাজনৈতিক নয়। ভুক্তভোগীও কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেননি। তবে কিছু মহল ঘটনাটিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে, যা মূল অভিযুক্তদের আড়াল করার সুযোগ তৈরি করতে পারে। হলের শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ছাত্রদল ভুক্তভোগীর পাশে থাকবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাবে।’




