নিউজ ডেস্ক: শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে, ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা কার্যকর করা হবে। বাংলাদেশের আইনকে সবাইকে শ্রদ্ধা করতে হবে।
একইভাবে সব দেশের আইনকে সংশ্লিষ্ট দেশগুলোর শ্রদ্ধা করা উচিত।
সাংবাদিকদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক অসচ্ছলতা, অসুস্থতাসহ বিভিন্ন সংকটে সাংবাদিকদের সহায়তা দেওয়া হয়।
ঢাকা শহরের যানজট পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, আগে যেখানে যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার ছিল, বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে। যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। তাদের আগুন সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। এ ধরনের অপতৎপরতা রুখতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।



