ক্রীড়া ডেস্ক: কানসাস সিটি থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেওয়া আর্জেন্টিনা জাতীয় দলের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় বজ্রঝড়। মাঝপথে সাময়িক জটিলতার মুখে পড়লেও সব বাধা পেরিয়ে নিউ জার্সিতে পৌঁছায় লিওনেল স্কালোনির দল।
নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রার আগে আবারও আলোচনায় আসেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। বিমানবন্দরে তাকে বিখ্যাত ‘টোপো গিগিও’ অঙ্গভঙ্গি করতে দেখা যায়। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল করার পরও একই ভঙ্গিতে উদযাপন করেছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) হালকা অনুশীলন শেষে নিউ জার্সির পথে যাত্রা করে আর্জেন্টিনা। ফিফার সূচি অনুযায়ী দুই দলের তিনজন করে ফুটবলারের সঙ্গে গণমাধ্যম কথা বলার সুযোগ পাবে এবং অনুশীলনের প্রথম ১৫ মিনিট ধারণ করতে পারবে।
একই দিন সংবাদ সম্মেলনে অংশ নেবেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে শনিবার (১৮ জুলাই) দুই দলের শেষ অনুশীলন থাকবে সম্পূর্ণ বন্ধ দরজার আড়ালে।
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।




