নিউজ ডেস্ক: বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন ঘটতে দেওয়া হবে না বলে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক কাঠামো শক্তিশালী করার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান, পুনরুত্থান কিংবা প্রত্যাবর্তনের পথ বন্ধ করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সরকার সেই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার প্রত্যাশা করছে। জনগণের সমর্থন নিয়ে গণতান্ত্রিক আচরণ এবং রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার মাধ্যমে ভবিষ্যতে স্বৈরাচারী প্রবণতা প্রতিরোধ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা রয়েছে বলে বিভিন্ন মহলের বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রাজনৈতিক অস্থিরতা দেখছেন না। তাঁর ভাষায়, পতিত ফ্যাসিবাদী শক্তি গণহত্যার মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, পতিত রাজনৈতিক শক্তির সাম্প্রতিক কর্মকাণ্ডে তাদের সাংগঠনিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু মানুষ তাদের বক্তব্য ও কর্মকাণ্ডে বিভ্রান্ত হলেও সরকার ধৈর্য ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও ধৈর্য ধারণ করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক চর্চা গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করার অঙ্গীকার রয়েছে। সরকারের লক্ষ্য গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও শক্তিশালী করা।
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার করা হবে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আইনানুগ প্রক্রিয়ায় অভিযোগ গঠন ও চার্জশিট দাখিল করা হবে। পরবর্তী সিদ্ধান্ত আদালত আইন ও বিধান অনুসারে গ্রহণ করবেন বলে জানান তিনি।
বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী বিজয় উদযাপনের কর্মসূচি শুরু হবে। কর্মসূচির সূচনা হবে একটি গ্র্যান্ড র্যালির মধ্য দিয়ে, যেখানে দলের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। সরকারি ও দলীয় পর্যায়ে বিজয় মাস উদযাপনের বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে।-
সংবাদ ব্রিফিংয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।