বিনোদন ডেস্ক: মাত্র ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
এ কর্মসূচি শুরুর প্রথম দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে সাত শিক্ষার্থী চিড়িয়াখানায় প্রবেশ করেন।
এর আগে সোমবার চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানান।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা এ সুযোগ নিতে পারবেন। প্রথম দিন সাত শিক্ষার্থী প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চিড়িয়াখানা ঘুরে দেখেছেন।
আশা করি, সামনে আরও বেশি সংখ্যায় শিক্ষার্থীরা বর্জ্য নিয়ে আসবেন। পরিবেশদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বন্যপ্রাণী সংরক্ষণে সম্পৃক্ত করার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ।’



