ঢাকা প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে পানিসম্পদ খাতে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে পানিসম্পদমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও খরার ঝুঁকি বাড়ছে। এসব সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, নদী-খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পাশাপাশি নদীভাঙন ও বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করা প্রয়োজন।
বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমে বাংলাদেশের পানিসম্পদ উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বাড়াতে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। তিনি পানিসম্পদের সমন্বিত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে পানিসম্পদ খাতের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




