নিউজ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে অনিয়ম ও হস্তক্ষেপের গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।
তিনি দাবি করেছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কাউন্সিলরদের ডেকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হুমকি দিয়েছেন।
আজ (মঙ্গলবার) পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্ত ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল বলেন, ‘বিসিবি নির্বাচন নিয়ে প্রধান উদ্বেগ হলো সরকারি ও ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে জানিয়েছেন, তাদের ডেকে নিয়ে ভোটের জন্য চাপ দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, নির্বাচনে আর্থিক লেনদেনও হয়েছে, যা দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের সন্দেহ সৃষ্টি করেছে। তার ভাষায়, ‘বোর্ড পরিচালকরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন—এটি অত্যন্ত দুঃখজনক।’
উল্লেখ্য, সোমবার শেষ হওয়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সহসভাপতি হয়েছেন শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।
ঢাকানিউজ২৪/মহফ




