ঢাকা  শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাভারতে খেলবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি

ভারতে খেলবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি

নিউজ ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাংলাদেশ দলের চারটি ম্যাচই পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

রোববার (০৪ জানুয়ারি) এক ই-মেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দেয় বিসিবি।

মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। এসময় বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড।

জানা যায়, ৪ জানুয়ারী দুপুর ১টায় ১৭ জন পরিচালক অনলাইনে একটি বৈঠকে বসে। সেখানে সিদ্ধান্ত হয়, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। বিষয়টি আইসিসিকে জানিয়ে দেওয়া হয়।

এর আগে ভারতে সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতি স্বীকার করে আইপিএলের ফ্রেঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এতে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা।

এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের ক্রিকেট ভক্তরা। যেখানে একজনকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে গোটা দলের নিরাপত্তা নিয়ে জনমনে জাগে শঙ্কা।

বিষয়টি নিয়ে শনিবার রাতে সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লেখেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছি পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানাতে।’

তিনি আরো লেখেন, ‘চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে গেলে নিরাপদ বোধ করবে না। তাই আমি বোর্ডকে অনুরোধ করতে বলেছি, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচই লঙ্কান ভেন্যুতে নির্ধারিত হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular