নিউজ ডেস্ক : মানসম্মত, মানবিক ও সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আগামীকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
এ বছরের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ উল্লেখ করে তিনি স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, সম্প্রসারণ এবং সেবার সমতা নিশ্চিত করার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী বলেন, শহর ও গ্রাম—উভয় জায়গায় মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ সুরক্ষা, এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি ‘ওয়ান হেলথ’ ধারণাকে জাতীয় পর্যায়ে বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংকে চিকিৎসা বিজ্ঞানে বড় সম্ভাবনা হিসেবে উল্লেখ করে এসব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আশ্বাস দেন তিনি।-
ভবিষ্যৎ পরিকল্পনায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ই-হেলথ কার্ড, স্বাস্থ্যবিমা, পিপিপি সম্প্রসারণ এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার কথাও জানানো হয়। বাণীর শেষে দেশবাসীকে বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা জানান তিনি।




