মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধনে বাংলাদেশের রিয়েল এস্টেটের নতুন ভবিষ্যৎ
প্রতিটি বড় পরিবর্তনের পেছনে একটি সাধারণ প্রশ্ন লুকিয়ে থাকে। যেমন আমার ক্ষেত্রে প্রশ্নটি ছিল এমন“বাংলাদেশের একজন মানুষ যখন সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি বা ফ্ল্যাট বা জমি কেনেন, তখন কেন তাঁকে মূলত ব্রোকার বা এজেন্সির মুখের কথা, সামাজিক মাধ্যম কেন্দ্রিক বিভিন্ন গ্রুপের এলোমেলো তথ্য আর দামের ধুয়াঁশার ওপর নির্ভরশীল হতে হয়?” গত দুই দশকে আমরা ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা—প্রায় সবকিছুকে ডিজিটাল করে ফেলেছি। কিন্তু দেশের সবচেয়ে বড় ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্তটি হচ্ছে—সম্পত্তি বা ফ্ল্যাট কেনা বেচা। আর এই সিদ্ধান্তটি বলতে গেলে মূলত এলোমেলো, অস্বচ্ছ ও আস্থাহীন একটি বাস্তবতার ওপর দাঁড়িয়ে আছে। এই অগোছালো পরিবেশ থেকেই জন্ম হয়েছে আমার স্বপ্নের প্রকল্প— “PORP”।
নামের মধ্যেই দর্শন লুকিয়ে-
PORP শব্দটি এসেছে দুটি ইংরেজি শব্দের সংমিশ্রণ থেকে (সম্পত্তি) Property এবং Options (বিকল্প)। নামটি ইচ্ছাকৃতভাবেই সহজ ও সাবলীল রাখা হয়েছে, কারণ এর সহজ উদ্দেশ্যই হলো—প্রপার্টি কেনাবেচায় ক্রেতা ও ভাড়াটিয়ার হাতে এমন একটি ডিজিটাল মাধ্যম তুলে দেওয়া, যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া, সময় বাচাঁনো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—সবার মাঝে আস্থা ফিরিয়ে আনা। ঢাকা ও চট্টগ্রাম—দেশের এই দুই সবচেয়ে বড় ও মূল্যবান রিয়েল এস্টেট বাজা্রে এর যাত্রা শুরু করার পরিকল্পনা করা হয়েছে। রিয়েল এস্টেট বাজার নিয়ন্ত্রনের জন্য এর গভীরে গিয়ে পরিচালনা করাটাই প্রধান লক্ষ্য।
কৃত্রিম বুদ্ধিমাত্তা (AI) কেন প্রয়োজন, এবং কেন এটি ঝুঁকিপূর্ণও বটে?
আমি একজন ব্র্যান্ড ও মার্কেটিং পেশাজীবী হিসেবে এআই-চালিত মার্কেটিং ও ব্যবসায়িক কৌশল নিয়ে দীর্ঘদিন কাজ করছি, এবং সাম্প্রতিক সময়ে গ্লোবাল এআই লিডারশিপ বিষয়েও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছি। এই অভিজ্ঞতার আলোকে একটি বিষয় নিশ্চিত—কৃত্রিম বুদ্ধিমত্তা রিয়েল এস্টেটে বিপ্লব আনতে পারে, কিন্তু শুধু প্রযুক্তি বসিয়ে দিলেই তা আস্থা তৈরি পারে না। বরং উল্টোটাও হতে পারে।
PROP-এর পরিকল্পনায় দুটি গুরুত্বপূর্ণ AI-নিয়ন্ত্রিত ব্যাপার রয়েছে-
১. মূল্য নির্ধারণ (valuation) মডেল, যা এলাকাভেদে অনিয়ন্ত্রিত অপরিকল্পিত দামের বাজারে ক্রেতা-বিক্রেতাকে একটি যুক্তিক বেঞ্চমার্ক দেবে।
২. ম্যাচিং ইঞ্জিন, যা ক্রেতার চাহিদার সঙ্গে সঠিক প্রপার্টি অতি দ্রুত মিলিয়ে দেবে। কিন্তু এখানেই আমার গবেষণার মূল প্রশ্নটি দাঁড়িয়ে আছে—একজন সাধারণ ক্রেতা, যিনি হয়তো জীবনে প্রথমবার কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে ফ্ল্যাট বা ল্যান্ড খুঁজছেন এবং একই সময়ে একজন পরিচিত ব্রোকার বা মিডল ম্যান মুখে মুখে ভিন্ন একটি দাম বলছেন—তিনি কেন একটি “ব্ল্যাক বক্স” এআই সংখ্যাকে বিশ্বাস করবেন?
আর এই প্রশ্নের উত্তর প্রযুক্তিতে নেই, আছে “হিউম্যান-এআই ইন্টারঅ্যাকশানে (HAI Interaction)”-এর নকশায়। বিশ্ববাজারের উন্নত অবস্থানের দিকে তাকালে দেখা যায়—যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি পাশের দেশ ভারতের বাজারের মতো তুলনামূলক ব্যবসা সফল ডিজিটাল বাজারের জন্য তৈরি এক্সপ্লেইনেবল এআই (Explainable AI) মডেলগুলো ধরে নেয় যে ব্যবহারকারীর প্ল্যাটফর্মের প্রতি আস্থা আগে থেকেই আছে, এবং শুধু প্রপার্টির বিস্তারিত জানালেই চলবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন, এখানে প্ল্যাটফর্মের প্রতি আস্থা আনাটাই মূল লক্ষ্য , তারপর সিদ্ধান্তের নেওয়ার ধাপ।
আস্থাই যেখানে পণ্য-
তাই PROP-এর মূল পরিকল্পনায় আমি এআইকে “উত্তর দেওয়ার যন্ত্র” হিসেবে নয়, বরং “ব্যাখ্যা করার সহযোগী” হিসেবে দেখতে চেয়েছি। প্রতিটি মূল্য নির্ধারণের সঙ্গে দেখানো হবে কোন Reference Property- এর ভিত্তিতে এই দামটি নির্ধারন করা হয়েছে; কোন গোপনীয়তা থাকলে তা লুকানো হবে না, বরং স্পষ্টভাবে জানানো হবে যে ডেটা কতটা সীমিত। একজন নতুন ব্যবহারকারী পাবেন সহজ, এক লাইনের ব্যাখ্যা; আর একজন অভিজ্ঞ মধ্যবর্তী ব্যক্তি বা এজেন্সি চাইলে পুরো যুক্তি/ বাস্তবতা চিত্র বিস্তারিতভাবে দেখতে পারবেন। এমনকি মধ্যবর্তী ব্যক্তি ও ক্রেতার জন্য ব্যাখ্যার ধরনও আলাদা হবে—কারণ একটি মার্কেটপ্লেসকে একই সঙ্গে দুই ধরনের ব্যবহারকারীর আস্থা অর্জন করতে হয়।
এই যুক্তির পেছনে একটি বাস্তব শিক্ষাও কাজ করেছে। ভারতের সবচেয়ে বড় প্রপার্টি পোর্টাল ম্যাজিকব্রিকস (MagicBricks)-কে আমি reference Case study হিসেবে নিয়েছিলাম। তাদের সাফল্য যেমন অনুকরণযোগ্য, তেমনি একটি দুর্বলতাও শিক্ষণীয়। একই লিড একাধিক এজেন্টের কাছে বিক্রি করার প্রবণতা তাদের নিজস্ব ব্রোকার সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছে। এক্ষেত্রে, PROP শুরু থেকেই এই ভুল এড়াতে চায়। প্রতিটি লিড স্পষ্টভাবে “শেয়ারড” নাকি “এক্সক্লুসিভ” তা জানিয়ে দেওয়া হবে, যাতে মধ্যবর্তী ব্যক্তি (Broker) বা এজেন্সি নিজেদের ব্যবসায়িক হিসাব স্বচ্ছভাবে করতে পারেন।
ভবিষ্যতের ব্যবসায়িক মডেল
আমি বিশ্বাস করি, PROP শুধু একটি প্রপার্টি লিস্টিং সাইট/ এ্যাপ নয়—এটি একটি নতুন ধরনের ব্যবসায়িক মডেলের ধারনা, যেখানে প্রযুক্তি, আস্থা এবং বাস্তবতা একসঙ্গে কাজ করে। বাংলাদেশে নগরায়ণের গতি দ্রুততর বৃদ্ধি পাচ্ছে, মধ্যবিত্ত শ্রেণি বাড়ছে, এবং মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ইতিমধ্যে ১৩ কোটি ছাড়িয়েছে। এই পরিসংখ্যানই বলছে—প্রযুক্তিগত ব্যবহার এখন সমস্যা নয়; সমস্যা হলো আস্থা ও বিষয়বস্তুর মান। যে প্ল্যাটফর্ম এই সমস্যাটি প্রথম পূরণ করবে, সেই এই খাতের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
দীর্ঘমেয়াদে, আমি PROP-কে দেখি এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে যা শুধু ক্রেতা-বিক্রেতাকে সংযুক্ত করবে না, বরং মধ্যবর্তী ব্যক্তি (Broker) বা এজেন্সি ও ডেভেলপারদের জন্য একটি ডিজিটাল অবকাঠামো তৈরি করবে—একটি গ্রাহক বান্ধব সিআরএম সিস্টেম, যা তাঁদের দৈনন্দিন কাজের অংশ হয়ে উঠবে। ধীরে ধীরে PROP-এর নিজস্ব মূল্য সূচক (Price Index) একটি নির্ভরযোগ্য বাজার তথ্যভান্ডার (Data Bank) হিসেবে ব্যাংক, ডেভেলপার ও বিনিয়োগকারীদের কাছে ব্যবহৃত হতে পারে—ঠিক যেভাবে আধুনিক মার্কেটপ্লেস গুলোতে ডেটা নিজেই একটি মূল্যবান পণ্যে পরিণত হয়।
গবেষক হিসেবে আমার মন্তব্য-
একজন Marketeer এবং Brand Practitioner হিসেবে “PROP” আমার পরিকল্পনার ফসল হলেও, একজন গবেষক হিসেবে আমি সচেতনভাবেই এটিকে এখনো শুধুমাত্র একটি “প্রস্তাবিত নকশা” বলছি, চূড়ান্ত সমাধান নয়। এখনো বাংলাদেশে কোনো প্রকৃত ব্যবহারকারী এই সিস্টেমের মুখোমুখি হননি, কোনো বাস্তব ডেটা তৈরি হয়নি। আমার পরবর্তী ধাপ হলো—এই ধারণাগুলো একটি পাইলট প্রকল্পের মাধ্যমে বাস্তব ব্যবহারকারীর কাছে পরীক্ষা করা, তাঁদের প্রতিক্রিয়া পরিমাপ করা, এবং দেখা যে প্রস্তাবিত যুক্তি, ব্যাখ্যা এবং কাঠামো সত্যিই আস্থা তৈরি করে কি না।
শেষ কথা
আমার কাছে PROP শুধু একটি ডিজিটাল প্রপার্টি প্ল্যাটফর্ম নয়—এটি একটি বিশ্বাসের প্রতিফলন। যেখানে প্রযুক্তি ও মানুষের বোঝাপড়ার মিশ্রণ এক হলে বাংলাদেশের রিয়েল এস্টেট খাতকে সম্পূর্ণভাবে নতুন রূপে গড়ে তোলা সম্ভব। এআই এখানে মানুষের জায়গা দখল করবে না—বরং মানুষ ও প্রযুক্তির মধ্যে যে আস্থার সেতু এতদিন অনুপস্থিত ছিল, সেটিই তৈরি করবে। আর সেই সেতু যদি সঠিকভাবে নির্মিত হয়, তবে আগামী দশকে বাংলাদেশের প্রপটেক খাত শুধু একটি নতুন ব্যবসায়িক মডেল নয়, বরং একটি সম্পূর্ণ নতুন অর্থনৈতিক আস্থার সংস্কৃতি তৈরি করতে পারবে।
লেখক পরিচিতি
মোহাম্মদ সালাহউদ্দিনের ব্র্যান্ড, ইন্ট্রিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন (IMC), কর্পোরেট কমিউনিকেশন, বিজনেস ডেভেলপম্যান্ট, ডিজিটাল ও পারফরম্যান্স মার্কেটিং এবং এআই মার্কেটিং—এই ক্ষেত্রগুলোতে হসপিটালিটি, রিয়েল এস্টেট ও স্বাস্থ্যসেবা খাতে ১৭ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। তিনি বর্তমানে মাতৃভূমি গ্রুপ- এ হেড অব মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি মালেশিয়া থেকে “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর গ্লোবাল লিডার্স” সনদপত্রও সম্পন্ন করেছেন। তিনি PROP-এর কৌশলবিদ ও গবেষক, যা বাংলাদেশের একটি প্রস্তাবিত প্রপার্টি ই-কমার্স উদ্যোগ এবং এই গবেষণাপত্রের অনুপ্রেরণামূলক নকশা-কেস হিসেবে ব্যবহৃত হয়েছে।
E-mail: m.salahuddin0201@gmail.com



