ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের প্রস্তুতি, প্রতিপক্ষ এবং খেলোয়াড়দের নিয়ে খোলামেলা কথা বলেছেন।
শুরুতেই হেলিকপ্টার ভ্রমণ নিয়ে মজা করেন তিনি। বলেন ‘আমরা হেলিকপ্টারে এসেছি, আর এখন হেলিকপ্টারেই ফিরতে হবে। এটাই আমাকে একটু নার্ভাস করে তুলছে। এছাড়া আমি পুরোপুরি শান্ত। এই মুহূর্তে থাকতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। আমরা চাই এই দারুণ মুহূর্তটা উপভোগ করতে।’
ফাইনালে ওঠার গুরুত্ব ব্যাখ্যা করে দে লা ফুয়েন্তে বলেন, দুই দলই সেরা দল। খেলোয়াড়দের সামর্থ্য ও খেলার ধরনে যথেষ্ট মিল আছে। এটি হতে যাচ্ছে দুর্দান্ত এক ম্যাচ।
মেসিকে নিয়ে ২৫ বছর আগের এক পুরনো স্মৃতি স্মরণ করেন দে লা ফুয়েন্তে। তিনি তখন সেভিয়ার যুব দলের কোচ। মেসি খেলতেন বার্সার জুনিয়র দলে। বলেন, ওই ম্যাচে মেসিকে ম্যান-টু-ম্যান মার্কিংয়ে রাখা হয়েছিল। ৭০ মিনিট পর্যন্ত খেলার ফলাফলে ছিল সমতা।
হঠাৎ মার্কিং করা খেলোয়াড় কার্ড দেখার পর তাকে তুলে নেওয়া হয়। এরপর মেসি একাই চার গোল করে বসে।
তাই তিনি বলেন, সরাসরি ম্যান-মার্কিং না করলেও প্রতিপক্ষের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে, যদিও প্রতিপক্ষকেও স্পেনের খেলোয়াড়দের নিয়ে সতর্ক থাকতে হবে।
লামিনে ইয়ামালকে নিয়ে তিনি বলেন, লামিনেকে লামিনের মতোই থাকতে দেওয়া উচিত। তার মতে, মেসি অনন্য এক প্রতিভা এবং তরুণ খেলোয়াড়দের জন্য দৃষ্টান্ত, তবে লামিনেরও রয়েছে অসাধারণ ভবিষ্যৎ সম্ভাবনা।




