ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরংপুরে দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি

রংপুরে দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি

রংপুর প্রতিনিধি : দীর্ঘদিনের সাত দফা দাবি বাস্তবায়নে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন রংপুরের দলিল লেখকেরা। এ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম।

রংপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি কাজী ওবায়দুল হক ও সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইবনে হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, দলিল লেখকেরা দুই শতাধিক বছর ধরে দেশের মানুষের সম্পত্তি নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের মাধ্যমে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্বও পেয়ে থাকে। তাই নিবন্ধন ব্যবস্থা আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশা থেকে বঞ্চিত না করে তাঁদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।

স্মারকলিপিতে দলিল লেখকদের সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—দলিল নিবন্ধন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা; প্রতিটি দলিলের জন্য ৫ হাজার টাকা সম্মানি ভাতা চালু করা; লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারও দলিল মুসাবিদা ও নিবন্ধনের জন্য দাখিলের সুযোগ না রাখা এবং সংশ্লিষ্ট থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিকে দলিল লেখার লাইসেন্স না দেওয়া।

এ ছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল প্রস্তুত করার কারণে পেশাগতভাবে কোনো দলিল লেখককে আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলিল লেখকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে সভা, সমাবেশ ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এ ছাড়া ২০২৫ সালের ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে দেশের বিভিন্ন বিভাগের দলিল লেখক প্রতিনিধিরা সাত দফা দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

রংপুর জেলা দলিল লেখক সমিতির নেতারা বলেন, দলিল লেখকেরা দীর্ঘদিন ধরে জনগণের সম্পত্তি নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের ন্যায্য দাবিগুলো বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে দলিল লেখকেরা উপকৃত হবেন। একই সঙ্গে নিবন্ধন সেবার মান আরও কার্যকর ও সুশৃঙ্খল হবে।

স্মারকলিপি দেওয়ার সময় রংপুর জেলার বিভিন্ন এলাকার দলিল লেখকেরা উপস্থিত ছিলেন। তাঁরা সাত দফা দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular