পরিবেশ ডেস্ক: রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের কাবার্দিনো-বালকারিয়া এলাকায় পর্বতারোহীদের একটি দলের ওপর তুষারধস নেমে এসে অন্তত ১১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় জরুরি সেবা বিভাগ।
রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মিঝিরগি থেকে তুষারধসটি নেমে এসে ৩৩ সদস্যের পর্বতারোহী দলটিকে আঘাত হানে।
জরুরি সেবা বিভাগ জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজ চেষ্টায় পাহাড় থেকে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে এখনও পর্যন্ত অপর ৬ জনের ভাগ্য অনিশ্চিত এবং তারা নিখোঁজ রয়েছেন।
উদ্ধার ও অনুসন্ধান অভিযানে জরুরি সেবা বিভাগের ৫০ জনেরও বেশি সদস্য নিয়োজিত রয়েছেন। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল এবং পুনরায় তুষারধসের উচ্চ ঝুঁকির কারণে উদ্ধার তৎপরতা চরমভাবে ব্যাহত হচ্ছে।
সূত্র: এনডিটিভি




