ক্রীড়া ডেস্ক: নেইমার, ফুটবল বড় এক নাম। তবে যতটা সুন্দর শিরোনামে প্রত্যাশিত ছিলেন তিনি, ততটাই নেতিবাচক সংবাদের বাহক তিনি। মাঠের বাইরে প্রায়শই তর্কে জড়ানো ব্রাজিলিয়ান তারকা এবার মাঠে করেছেন মারামারি। অভিযোগ উঠেছে, বল দখলের লড়াইয়ে না পেরে রবিনহোর ছেলেকে মারধর করেছেন নেইমার।
অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে গত রবিবার (৩ মে) সান্তোসের অনুশীলন সেশনে। বিষয়টি আমলে নিয়ে ইতোমধ্যে তদন্তও শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।
একাধিক সূত্রের বরাত দিয়ে ইএসপিএন এফসি জানিয়েছে, ১৮ বছর বয়সি রবিনহো জুনিয়র তাকে ড্রিবল করে পাশ কাটিয়ে যাওয়ার পর নেইমার ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিজ্ঞ এই ফুটবলার নিজেকে অসম্মানিত মনে করার পর এমন প্রতিক্রিয়া দেখান বলে জানা গেছে। ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘সান্তোস ফুটবল ক্লাব জানতে পেরেছে যে, ক্লাবের এক খেলোয়াড়ের দ্বারা আরেক খেলোয়াড়ের ওপর একটি অভিযোগকৃত শারীরিক হামলার ঘটনা ঘটেছে।’
প্রতিবেদনে বলা হয়েছে- ৩৪ বছর বয়সি নেইমার এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, তিনি রবিনহো জুনিয়রকে পা লাগিয়ে ফেলে দেন। এরপর দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, পরে সতীর্থরা এসে তাদের আলাদা করে। সূত্রগুলো আরও জানায়, এই ঘটনার কারণে রবিনহো জুনিয়র গভীরভাবে হতাশ হয়ে পড়েছেন।
ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়, ‘সান্তোস এফসি জানাচ্ছে যে, ক্লাব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার রেই পেলে ট্রেনিং সেন্টারে অনুশীলনের সময় নেইমার জুনিয়র ও রবসন দে সুজা জুনিয়রের [রবিনহো] মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি তদন্ত করতে সঙ্গে সঙ্গেই একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। এই তদন্ত পরিচালনার দায়িত্ব ক্লাবের আইন বিভাগকে দেওয়া হয়েছে।’
সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড রবিনহোর ছেলে নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন। একইসঙ্গে ক্লাবে ‘ন্যূনতম মানের নিরাপত্তা অভাব’ দেখিয়ে চুক্তি বাতিলের বিষয়ে আলোচনার জন্য বৈঠকের দাবি জানিয়েছেন। তার অভিযোগগুলো হলো- নেইমার তাকে অপমানজনক কথা বলেছেন, পা লাগিয়ে ফেলে দিয়েছেন এবং মুখে জোরে চড় মেরেছেন।
ইএসপিএন নেইমারের সঙ্গে যোগাযোগ করলেও সান্তোস অধিনায়ক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এর আগে সূত্রগুলো জানিয়েছিল, ঘটনার পর নেইমার পরিস্থিতি সামাল দিতে রবিনহো জুনিয়রকে ফোন করেন এবং তার পরিবারের কাছেও দুঃখ প্রকাশ করে বার্তা পাঠান।
নেইমার একসময় ব্রাজিল জাতীয় দলে রবিনহো জুনিয়রের বাবার সঙ্গে খেলেছেন। গত গ্রীষ্মে রবিনহো জুনিয়র সান্তোসের মূল দলে উন্নীত হন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আটটি ম্যাচ খেলেছেন।




