নিউজ ডেস্ক: লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার করা জরুরি।
আজ মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেলের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, ‘জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি এখনো উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে অভিযান চলছে।’
তিনি বলেন, অস্ত্র-গুলি উদ্ধার করা জরুরি। হারিয়ে যাওয়া গোলা-বারুদের একটা বড় অংশ উদ্ধার হয়নি। এগুলো উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে নির্বাচনি আস্থা ফিরবে।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আগামী নির্বাচনে অস্ত্রের প্রবেশ ঠেকাতে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করা হবে। এ ছাড়া নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়ানো হবে।’
নির্বাচনের সময়ে কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যাতে পার পেতে না পারে সে জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকারও আহ্বান জানান।’




