নিউজ ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামি করা হবে।
বুধবার (১৫ এপ্রিল) নিজ কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘কারা আসামি হতে যাচ্ছেন, তা এখনই প্রকাশ করতে পারছি না। তবে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ অনেক কর্মকর্তার সম্পৃক্ততা পেয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণ প্রতিবেদন পাওয়ার আশা করছি। এ নিয়ে তদন্ত সংস্থা কাজ করছে।’
এর আগে জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে। এতে লাখো কওমি আলেম শিক্ষার্থী এবং সাধারণ মুসলমান মহাসমাবেশে অংশ নেন। সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়।
শাপলা চত্বরের অভিযানে ৬১ জন নিহত হন বলে সে সময় এক প্রতিবেদনে দাবি করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। তবে হেফাজতে ইসলাম বাংলাদেশ নিহতের সংখ্যা ৯৩ জন বলে দাবি করে। সংগঠনটি নিহতদের নাম ও পরিচয় প্রকাশ করে।




