ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর, ৩০টির বেশি কারখানা ছুটি ঘোষণা

শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর, ৩০টির বেশি কারখানা ছুটি ঘোষণা

গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভকারী শ্রমিকদের তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত ওই এলাকার ৩০টিরও বেশি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে কারখানা ছুটির পর বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন এবং একটি কারখানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে গাজীপুরে বিজিবি, এসআরবি ও আনসারের ৩৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা পৌনে ১১টার দিকে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকার এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড পোশাক (সোয়েটার) কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক পার হয়ে নোমান শিল্প গ্রুপের ইয়াসমিন স্পিনিং মিল কারখানার সামনে জড়ো হন। কারখানার মূল ফটক বন্ধ থাকায় শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে গেটে হামলা চালান এবং ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর বিক্ষোভকারী শ্রমিকেরা মহাসড়ক ধরে মিছিল নিয়ে মাওনা চৌরাস্তার দিকে এগোতে থাকেন। মিছিলটি বড় হতে থাকলে তারা চৌরাস্তার উড়াল সড়ক পার হয়ে শ্রীপুর সড়কের মাথায় কিছুক্ষণ অবস্থান নেন এবং মাওনা এলাকায় কোনো কারখানা চালু না রাখার দাবি জানান। এ সময় স্থানীয় এক দোকানদার মোবাইল ফোনে বিক্ষোভের ভিডিও ধারণ করতে গেলে শ্রমিকেরা ওই দোকানে হামলা চালান। আতঙ্কে মাওনা চৌরাস্তার বড় মার্কেটগুলোর কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দেয়। পরে শ্রমিকেরা পল্লী বিদ্যুৎ মোড়ের দিকে গিয়ে মাঝপথ থেকে ঘুরে পুনরায় শ্রীপুর সড়কের মাথায় অবস্থান নেন।

শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের খবরে শ্রীপুর-মাওনা সড়ক এবং পল্লী বিদ্যুৎ সমিতি এলাকার অন্তত ১০টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে। এর মধ্যে রয়েছে শ্রীপুর সড়কের ব্লু ফ্যাশন লিমিটেড, ব্লু প্ল্যানেট নিটওয়্যার অ্যান্ড কালার লিমিটেড, আউটপেস স্পিনিং মিলস লিমিটেড, মক্কা-মদীনা পোশাক কারখানা, কেওয়া বাজার এলাকার ত্রিপল অ্যাপারেলস লিমিটেড, নতুন বাজার এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড এবং পল্লী বিদ্যুৎ মোড় এলাকার আনোয়ারা গার্মেন্টস ও নর্দার্ন ফ্যাশন। এর আগে সকালে বাঘের বাজার ও আশপাশের এলাকার আরও প্রায় ২০টি কারখানা ছুটি দেওয়া হয়। সব মিলিয়ে দুপুর পর্যন্ত শ্রীপুরের ৩০টিরও বেশি কারখানা বন্ধ হয়ে যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিলে বিক্ষোভকারী শ্রমিকেরা ঘটনাস্থল ত্যাগ করেন।

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, বিক্ষোভকারীরা মক্কা-মদীনা কারখানার সামনে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া ইয়াসমিন স্পিনিং মিলের ভেতরে ঢুকে ভাঙচুরের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে তাদের সরিয়ে দেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular