জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম লন্ডন সফর শেষে আজ রোববার দেশে ফিরছেন। দেশে ফিরে সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন করবেন তিনি।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং এলাকায় সাংবাদিকদের ব্রিফ করবেন নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানিয়েছে এনসিপি।
জাতীয় ঐক্যের লক্ষ্যে আগামীকাল সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আগামীকাল দুপুরে তাঁর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি।
বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম নাহিদ ইসলাম দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে এনসিপি সূত্রে জানা গেছে।
জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই আহ্বানের পর এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপের পরিকল্পনা রয়েছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। দলটি প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে।



