নিউজ ডেস্ক: সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে সুপারিশের অভিযোগ ঘিরে জাতীয় সংসদে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগ্নিসহ স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং আগের সরকারের আমলে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনরায় সুযোগ দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এসব নিয়োগ পুনর্বিবেচনা করা হবে কি-না, তা জানতে চান তিনি।
জবাবে কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ দাবি করেন, নির্ধারিত নীতিমালা অনুসরণ করে উপজেলা ও জেলা পর্যায়ে তিন স্তরের যাচাই-বাছাইয়ের মাধ্যমেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে এসব অভিযোগ তোলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সারা দেশে সার ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে।’
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে তিনি অভিযোগ করেন, ‘ঠাকুরগাঁওয়ে নিয়োগ পাওয়া ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির। তাদের মধ্যে ১০ জনের স্ত্রী, সন্তান ও ভাগ্নিও রয়েছেন। এ ছাড়া কোথাও সংসদ সদস্যদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নির স্ত্রীও ডিলারশিপ পেয়েছেন।’
হাসনাত আরও অভিযোগ করেন, ‘সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের কেউ কেউ অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন। কোনো কোনো ক্ষেত্রে ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।’ সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের এভাবে ব্যবসায়িক সুবিধা দেওয়া বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ‘ওই ঘটনায় অভিযুক্ত এক সংসদ সদস্যের সন্তানও সার ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।’ আওয়ামী লীগ সরকারের আমলে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনরায় ডিলার হওয়ার সুযোগ দিতে মন্ত্রণালয় কোনো বিশেষ নিয়ম করেছিল কি-না, তা-ও খতিয়ে দেখার দাবি জানান তিনি।
জবাবে কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ বলেন, ‘ডিলার নিয়োগে উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক। বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে নির্ধারিত যোগ্যতা ও শর্ত অনুযায়ী প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল।’
মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে আবেদন যাচাই করা হয়। পরে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটি সেগুলো পুনরায় পর্যালোচনা করে যোগ্যতার ভিত্তিতে তিনজনের নাম পছন্দক্রম অনুযায়ী মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দেয়। সংশ্লিষ্ট সুপারিশে কমিটির সব সদস্যের স্বাক্ষর ছিল।
তবে মন্ত্রীর বক্তব্যের শুরুতে নিয়োগ প্রক্রিয়াকে ‘উৎসব’ হিসেবে উল্লেখ করায় বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ সময় তারা হৈচৈ শুরু করেন। জবাবে মন্ত্রী বলেন, তিনি উৎসব শব্দটি ইতিবাচক অর্থে বুঝিয়েছেন।
বক্তব্য চলাকালে বিরোধী সদস্যদের হট্টগোল অব্যাহত থাকলে ডেপুটি স্পিকার তাদের বারবার শান্ত থাকার আহ্বান জানান। পরে তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।



