আন্তর্জাতিক ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’-কে আবারও ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানচিত্র পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের এই পদক্ষেপ এবং নতুন করে সার্বভৌমত্ব দাবির পর আঞ্চলিক উত্তেজনা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
রবিবার (২৩ আগস্ট) ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ মানচিত্রটি শেয়ার করার পর এক বার্তায় দাবি করেন, ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা বর্তমানে চালু নেই বা নির্ধারিতও নেই। একইসঙ্গে তিনি বলেন, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌঅবরোধ পূর্ণ শক্তিতে বহাল রয়েছে।
তবে ট্রাম্প দাবি করেন, কৌশলগত এই জলপথটি এখন উন্মুক্ত ও সচল রয়েছে এবং সমুদ্রের সমস্ত মাইন অপসারণ করা হয়েছে। এর আগে এক বক্তব্যে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, ইরানকে পুরোপুরি পরাজিত করার পর তিনি আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।
অন্যদিকে, ট্রাম্পের এই দাবিকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন নৌঅবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল এবং জুন মাসে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে প্রবাহিত হয়, যা বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।




