সুমন দত্ত: জ্বালানি সাশ্রয়ী গাড়ি আমদানির ওপর গুরুত্বরোপ করেছেন বারভিডা সভাপতি আবদুল হক। তিনি জাপান থেকে বৈদ্যুতিক গাড়ি আমদানির ওপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন। পাশাপাশি সরকারকে একটি স্মার্ট পরিবহন নীতিমালা তৈরিতে বিশেষ অনুরোধ করেন। এছাড়া ভ্যাট নিয়ে এনবিআরের হয়রানীর কথা বলেন কোনো কোনো নেতা।
শনিবার রাজধানী বিজয়নগরের আকরাম টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বারভিডার সভাপতিসহ অন্যরা।
বারভিডা সভাপতি আবদুল হক আগামী বাজেটে তাদের প্রস্তাবনা তুলে ধরে বলেন, জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ির (ইভি) ওপর শুল্ক কমানো এখন সময়ের দাবি।
তিনি মনে করেন, জাপান থেকে আমদানিকৃত রিকন্ডিশন্ড ইভি আমদানিতে কর ছাড় দিলে মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যে গাড়ি আসবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে একটি যুক্তিসঙ্গত শুল্ক কাঠামো প্রণয়ন করতে তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।
বারভিডার মহাসচিব রিয়াজ আহমেদ খান বলেন, “আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করার জন্য আসিনি। আমাদের ভ্যাট আইন আছে, কিন্তু আইন কার্যকর না করে ভ্যাট অফিসাররা যে যেভাবে পারছেন ব্যবসায়ীদের হয়রানি করছেন।”
তিনি অভিযোগ করেন, মাঠ পর্যায়ে কর্মকর্তারা নিজেদের মর্জি মতো আইন প্রয়োগ করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের রাজস্ব আদায়ে ব্যবসায়ীরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত থাকলেও বর্তমানে তারা সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন।
এনবিআর চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সৎভাবে ব্যবসা করতে চাই। দয়া করে এমন একটি ব্যবসা বান্ধব নীতিমালা করুন যাতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে কাজ করতে পারেন।”
এদিকে চট্টগ্রামের ব্যবসায়ীদের ওপর বিশেষ বৈষম্যের অভিযোগ এনেছেন সংগঠনের সহ-সভাপতি হাবিবুর রহমান খান। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “চট্টগ্রামের প্রায় ৯০ শতাংশ ব্যবসায়ীকে ভ্যাট অডিটের আওতায় আনা হচ্ছে, যা কোনোভাবেই স্বাভাবিক বা যুক্তিসঙ্গত নয়। অডিট সাধারণত ৫ থেকে ১৫ শতাংশ হওয়া উচিত, কিন্তু সেখানে প্রায় সবাইকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।”
তিনি আরও জানান, করোনা মহামারির সময় যখন অফিস বন্ধ ছিল, সেই ৭ বছর আগের হিসাব এখন চাওয়া হচ্ছে এবং অনেক ব্যবসায়ীকে ৪ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সাইফুল ইসলাম ও ফরিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল হোসেন, ট্রেজারির মো. সাইফুল আলমসহ প্রমুখ।




