হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন। গত ৫ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন এই শিল্পী।
দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন তিনি। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয় তার । সেইসাথে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতাও রয়েছে। কিছুটা সুস্থ্যবোধ করলে ওই হাসপাতালের কেবিনে নেওয়া হয় তাকে। অবস্থার আরও উন্নতি হলে গতকাল মধ্যরাতে ফরিদা পারভীনকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে জাফর ইমাম নূমানী।
নূমানী আরও বলেন, ‘মাকে গতকাল রাত পৌনে বারটার দিকে বাসায় নিয়ে এসেছি। তিনি আগেও চেয়ে অনেক ভালো। এখন নিজ থেকে খেতে পারছেন। হাঁটাচলা এখনও শুরু করেননি। ফিজিওথেরাপি দিতে হবে তাকে। এরপর হাঁটাচলা শুরু করতে পারবেন। মায়ের জন্য সবাই দেয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আবারও গানের ভুবনে ফিরতে পারেন। ’
প্রসঙ্গত, ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গুনী।



