ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক

নিউজ ডেস্ক:  ব্যাট হাতে আগেই ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এবার নেতৃত্ব দিয়েও গড়লেন বিশ্বরেকর্ড। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়েছেন ।

শনিবার ইন্দোরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে বিহারের হয়ে টস করতে নেমে এই কীর্তি গড়েন সূর্যবংশী। এর আগে রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের। গত বছরের আগস্টে ১৭ বছর ৩১১ দিন বয়সে সাইপ্রাসের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ।

মাত্র ১৫ বছর বয়সেই ভারতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন সূর্যবংশী। গত জুলাইয়ে অভিষেকের পর ১০ ম্যাচে ২৯৫ রান করেছেন তিনি। ২৯.৫০ গড়ের পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ১৮৫.৫৩। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

তবে অধিনায়ক হিসেবে অভিষেকটা ব্যাট হাতে রাঙাতে পারেননি এই কিশোর। সৌরাষ্ট্রের বিপক্ষে ১২ বলে ১৮ রান করে চেতন সাকারিয়ার বলে ফিরতি ক্যাচ দেন তিনি। তার ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। সূর্যবংশীর দল বিহারও ম্যাচে সুবিধা করতে পারেনি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে তারা। জবাবে ২১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় সৌরাষ্ট্র।

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের হয়ে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সূর্যবংশী। এরপর ভারত ‘এ’ দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। আগামী ১৯ নভেম্বর দোহায় শুরু হতে যাওয়া এসিসি রাইজিং স্টার্স ইমার্জিং টুর্নামেন্টে খেলবেন এই তরুণ ক্রিকেটার।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular