শেরপুর প্রতিবেদক: সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়। ছাদে বসানো সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতে চলছে অফিসের কাজ। নিজেদের চাহিদা মিটিয়ে অবশিষ্ট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। এতে প্রতি মাসে সাশ্রয় হচ্ছে ১ লাখ টাকার বেশি।
জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে এই ‘রুফটপ সোলার পাওয়ার প্লান্ট’ স্থাপন করা হয়। এতে ব্যয় হয় ২৩ লাখ ৮৮ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করে রেনকন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই সোলার পাওয়ার প্লান্টে রয়েছে ৬২৫ ওয়াট ক্ষমতাসম্পন্ন ৯৬টি সৌর প্যানেল। এগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছে ইন্টারনেট সংযোগ সুবিধাসম্পন্ন দুটি অন-গ্রিড ইনভার্টার।
গত ২৮ সেপ্টেম্বর থেকে প্লান্টটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ছুটির দিনে অফিস বন্ধ থাকায় অব্যবহৃত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে এই প্লান্ট থেকে ১ হাজার ৪৯৬ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, কার্যালয়ে প্রতি মাসে সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এতে মাসে ১ লাখ ৫ হাজার টাকা সাশ্রয় হচ্ছে। পাশাপাশি ১ হাজার ৪৯৬ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সুশান্ত পাল জানান, ডিসি অফিসের ছাদে ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। যার থেকে নেট মিটারিংয়ের মাধ্যমে সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এখানে সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের একাংশ ডিসি অফিস নিজেরা ব্যবহার করছে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে স্থানান্তর হয়ে যাচ্ছে।
জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘শেরপুরে এটিই প্রথম সোলার কার্যক্রম। জেলা প্রশাসকের কার্যালয়ের ভবনে দিনের বেলায় সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘জেলায় প্রায় ২৩০টির মতো বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে। এসব দপ্তরে সোলার কার্যক্রম চালু করা গেলে দেড় থেকে দুই মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে সরকারি দপ্তরগুলো নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। এ বিষয়ে আমরা ইতোমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি এবং চিঠি দিয়েছি। সেই সঙ্গে আমরা বেসরকারি গ্রাহকদেরও সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করছি।’
সরকারি কার্যালয়ের এই উদ্যোগ দেখে সাধারণ মানুষও আগ্রহী হচ্ছেন। শেরপুর জেলার বাসিন্দা জামালপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান বলেন, ‘সৌর প্যানেল স্থাপনে এককালীন কিছু টাকা খরচ হলেও এর উপকার অনেক। আমার কাছে মনে হয়েছে সোলার প্যানেল প্রত্যেক ফ্যামিলিতেই থাকা উচিত। এতে দেশের বিদ্যুৎ সমস্যা অনেকাংশে কমে যাবে। আমি নিজেও এর সুফল পাচ্ছি।’
নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ ও জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভর করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। সরকারি ও বেসরকারি উভয় পর্যায় থেকেই এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। আমরাও আমাদের প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার পরিকল্পনা করছি।
শহরের নারায়ণপুর এলাকার বাসিন্দা গোলাম কাদরিয়া মুক্তিও নিজের বাসায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা করছেন। তিনি বলেন, এতে বাসার বিদ্যুতের চাহিদা মেটানোর পর জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এতে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।
বর্তমানে শেরপুর জেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দৈনিক চাহিদা ৪৪ মেগাওয়াট। অন্যদিকে পল্লী বিদ্যুতের দৈনিক চাহিদা ৪৫ মেগাওয়াট। সংশ্লিষ্টরা জানান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমবে।



