ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeনারী ও শিশু৭ মাসে নিখোঁজ ১৫ হাজার শিশু

৭ মাসে নিখোঁজ ১৫ হাজার শিশু

‘কেউ আমার মেয়েকে এনে দিতে পারলে পুরস্কার হিসেবে ভিটেবাড়ি দিয়ে দেব।’ হারিয়ে যাওয়া তিন বছরের মেয়ে রূপাকে ফিরে পেতে ডায়াসে দাঁড়িয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মা স্বপ্না আক্তার।

এক বছর ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে সর্বস্বান্ত এই মায়ের মতো এমন আরও ৪০টি পরিবারের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তন।

নিখোঁজ শিশুদের পরিবারের উদ্যোগে ও জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল রবিবার ‘আমার সন্তান কোথায়?’ শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সন্তানহারা মা-বাবারা।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ২০২৩ থেকে শুরু করে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি শিশু নিখোঁজের জিডি হয়। আর সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাত্র সাত মাসে ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের অভিযোগে সাধারণ ডায়েরি হয়েছে। এর মধ্যে অনেককে উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ ২ হাজার ৩৮টি শিশু।

রাজধানীর পল্লবীতে ভ্যানে খেলনা বিক্রেতা মো. রাজনের স্ত্রী স্বপ্না আক্তার জানান, গত বছরের ২৯ আগস্ট বাসার কাছ থেকে তিন বছরের মেয়ে রূপা নিখোঁজ হয়। সিসিটিভি ফুটেজে এক তরুণকে তাকে নিয়ে যেতে দেখা গেলেও পল্লবী থানায় জিডি করেও এক বছরে মেয়ের সন্ধান মেলেনি। একই রকম আকুতি ঝরেছে রাজবাড়ীর পাংশার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. নজরুল ইসলামের কণ্ঠে। গত বছরের ২০ মে স্কুলের উদ্দেশে বেরিয়ে নিখোঁজ হয় ছোট ছেলে সপ্তম শ্রেণির ছাত্র তামিম ওরফে আবদুল্লাহ (১৫)। তাকে খুঁজতে কবিরাজ ও জিন নামানোর জন্য মাজারে মাজারে ঘুরেও তিনি ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ছেলের জন্য তিনি নিজের সর্বস্ব বিলিয়ে রাস্তায় নেমে যেতে প্রস্তুত।

অনুষ্ঠানে নবাবগঞ্জে বেড়াতে গিয়ে ৫ মিনিটের ব্যবধানে দুই বছরের সন্তান তোহা আদনানকে হারানো তহুরা ইসলাম; আড়াই বছর ধরে বোন সামিয়াকে খুঁজে বেড়ানো যশোরের চম্পা বেগম বেদনার কথা বলেন।

অনুষ্ঠানে জানানো হয়, চাঁদপুরের ৬ বছর বয়সী খাদিজা ১ হাজার ৯৭৪ দিন এবং ধামরাইয়ের ৫ বছর বয়সী গণেশ ৩৩৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। মুক্তিপণের টাকা দিয়েও মেয়ে ৮ বছর বয়সী মানতাশাকে উদ্ধার করতে না পেরে দিনাজপুরের মনিরুজ্জামান মনি আকুল হয়ে কেঁদেছেন। তবে দীর্ঘ প্রতীক্ষার পর স্বস্তির খবরও মিলেছে। পূর্বশত্রুতার জেরে পপকর্ন খাইয়ে ট্রেনে তুলে দেওয়া টঙ্গীর ৭ বছরের শিশু আশফিয়াকে দীর্ঘ এক বছর পর পুবাইলের সরকারি আশ্রয় কেন্দ্র থেকে উদ্ধার করে ফিরে পেয়েছেন বাবা আজাদ রহমান। যদিও মেয়ে হারানোর শোক সইতে না পেরে পাঁচ মাস আগেই মারা গেছেন শিশুটির মা শামসুন্নাহার।

অনুষ্ঠানে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের সভাপতি মো. সাদাত রহমান জানান, সিলেটে শিশু মুনতাহা হত্যা মামলার পর অ্যাম্বার অ্যালার্ট চালুর দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ জানুয়ারি সিআইডির সহযোগিতায় ‘মুন অ্যালার্ট’ ও টোল হেল্পলাইন ১৩২১৯-এর পাইলট কার্যক্রম চালু হয়। দিনভর এই আয়োজনে নিখোঁজ শিশুদের সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা, অমীমাংসিত ঘটনাগুলোর পুনঃতদন্ত, শিশু পাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়।

এ ধরনের ঘটনা প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। আমাদের উচিত একসাথে কাজ করা, যাতে প্রতিটি শিশু নিরাপদে বেড়ে উঠতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular