রাজধানীর চানখারপুলে সিএনজি পাম্পের সামনে এক চালককে অচেতন করে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অটোরিকশা চালকের নাম মো. শাহীন (৪০)। তাঁর বাড়ি ভোলায়। মোহাম্মদপুরে একটি রিকশার গ্যারেজে থাকেন তিনি।
শাহীনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া পথচারী বিল্লাল হোসেন বলেন, ‘আমি গ্রিল মিস্ত্রীর কাজ করি। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসি।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন বলেন, ‘রাতে এক পথচারী অচেতন অবস্থায় ওই অটোরিকশা চালককে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে আমরা জানতে পারি প্রতারক চক্র তাঁকে নেশা জাতীয় কিছু খাইয়ে তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। তিনি সম্পূর্ণ সুস্থ হলে তাঁর কাছ থেকে আর কি কি খোয়া গেছে তা জানা যাবে। এরই মধ্যে আমরা তাঁর পরিবারকে বিষয়টি জানিয়েছি।’



