নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে লক্ষ্মীপুরের রায়পুরে। বহু প্রতীক্ষার পর অবশেষে উপজেলা পরিষদ সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে শহরের থানার মোড় থেকে মডেল মসজিদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রায় ১৬ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পটি রায়পুর শহরের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দারা। খানাখন্দে ভরা সড়ক, ধুলাবালি ও বর্ষাকালে কাদা জমে চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছিল। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল।
সকাল ১১টার দিকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কাজের উদ্বোধন করা হয়। পরে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া মাটি কেটে উন্নয়নকাজের শুভ সূচনা করেন।
প্রকল্পটি বাস্তবায়ন করছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, যা বাংলাদেশ নৌবাহিনীর অধীন একটি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা গেলে রায়পুর শহরের সড়ক যোগাযোগে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার জানান, আইইউজিআইপি প্রকল্পের অধীনে ১৬ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে এই উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। এতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, টেকসই সড়ক নির্মাণ এবং অত্যাধুনিক সড়কবাতি স্থাপন করা হবে।
তিনি বলেন, “এই সড়কটি রায়পুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। কাজ সম্পন্ন হলে যানজট কমবে, ব্যবসা-বাণিজ্য সহজ হবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন এবং বিএনপি নেতা সফিকুল আলম আলমাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা দ্রুত কাজ শেষ করার দাবি জানান, যাতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি পাওয়া যায়।




