মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মেলা চলবে মাস্যাপি।
জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধায় উপজেলার মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন আলোয়াখোয়া রাশ মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা
রায় এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু নাঈম, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল। আরো বক্তব্য রাখেন
মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য
রাখেন মেলা কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ বাবুল ইসলাম।
মেলা উদ্বোধন ঘোষনার সাথে সাথে আঁতশবাজির শব্দ আর আলোর ঝলকানিতে আকাশ রঙিন হয়ে ওঠে।
বক্তারা বলেন, প্রায় দুইশত বছরের ইতিহাস ও ঐতিহ্য বুকে ধারণ করে পঞ্চগড় জেলার অন্যতম বৃহৎ এই মেলা প্রতি বছর আটোয়ারী উপজেলায় এক মাসব্যাপি উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ধর্মীয় উৎসব ও আচার অনুষ্ঠান রাশ পূর্ণিমা উপলক্ষে রাধাকৃষ্ণের পূজা অর্চনা, ঐতিহ্যবাহী রাশচক্র ঘোরানোর
মধ্য দিয়ে মেলা শুরু হয়। মেলায় গরু, মহিষ,ঘোড়া, ছাগল, ভেড়া, কাঠ ও স্টিলের আসবাবপত্র, মাটির
তৈজসপত্র, বাঁশ-বেতের সামগ্রী, পোশাক, জুতার দোকান, বিভিন্ন প্রসাধনী কেনাকাটার বিশাল সমাহার। বিনোদনের জন্য নাগরদোলা, সার্কাস, পুতুল নাচ, মরণকুপের মোটরসাইকেল ও মোটরকার খেলা ইত্যাদি।
মেলায় ঐতিহ্যবাহী খাবারের মধ্যে জিলাপি, কদমা, বাতাসা,গজা, খুরমা, চটপটি, ফুচকা,পাঁপড় ভাঁজা ও নানা রকমের আঁচার সহ বিভিন্ন রকমারী খাবার দৃশ্যমান। মেলায় থাকছে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং গ্রামীণ ও লোকজ সংস্কৃতির নানা আয়োজন। এ মেলায় প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থী, ক্রেতা-বিক্রেতা ও ভ্রমণ পিপাসু মানুষের আগমন ঘটে। বক্তারা বলেন, এ মেলা এক মাস স্থায়ী থাকবে। ক্রেতা-বিক্রেতারা নিরাপদে ক্রয়-বিক্রয় করতে পারবেন।
এ খানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। মেলায় কেউ কোন অপরাধে জড়িত হলে বা অপরাধ
করার চেষ্টা করলে সাথে সাথে অপরাধীকে আইনের আওতায় নেওয়া হবে। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ, সুধিজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।



