গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২৪নভেম্বর) ছুরিকাঘাতে শাহীন মিয়া (১৭) নামের এক তরুণ নিহত হয়েছে। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। নিহত শাহীন রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই গ্রামের মো. সিরাজুল ইসলাম জিন্নতের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক দেলোয়ার হোসেন দিলুকে আটক করেছে পুলিশ। ঘাতক দেলোয়ার একই গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।
পরিবারের লোকজন শাহীনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাজেদা (৩৫) জানান, শাহীন গাছ থেকে সুপারি নিয়ে তাঁর বাড়ির সামনে এলে দক্ষিণ দিক থেকে দেলোয়ার এসে হাতে থাকা লোহার রড দিয়ে তাকে মারধর শুরু করেন। শাহীন চিৎকার করলে দেলোয়ার তার হাতে থাকা ছুরি দিয়ে শাহীনের বুকে ঘাই মারেন। এতে শাহীনের বুক থেকে ফিরিঙ্গি দিয়ে রক্ত বের হতে থাকে। মাজেদা তাঁর শরীরের ওড়না দিয়ে শাহীনের বুক বেঁধে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন ও দেলোয়ারকে ধাওয়া করেন। তাৎক্ষণিকভাবে শাহীন মৃত্যুর কোলে ঢলে পড়ে।
স্থানীয় বাসিন্দা আনিছুল হক জানান, শাহীনের চিৎকার শুনে তিনি এগিয়ে এলে দেলোয়ার ছুরি নিয়ে তাঁকেও তাড়া করেন, ফলে ভয়ে তিনি বাড়িতে লুকিয়ে পড়েন।
হত্যাকাণ্ডের পর দেলোয়ার নিজ বাড়িতে গিয়ে লুকায়। এলাকাবাসী ধাওয়া করলে সে তার ঘরের টিনের বেড়া ভেঙে রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় চলে যায়। সেখানে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পরে হত্যার খবর শুনে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানেই ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণ নিহত , ঘাতক আটক
আরো খবর
Continue to the category


