ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপটুয়াখালীআবিরার চিঠিতে সাড়া, বগায় সেতু নির্মাণের আশ্বাস সেতুমন্ত্রীর

আবিরার চিঠিতে সাড়া, বগায় সেতু নির্মাণের আশ্বাস সেতুমন্ত্রীর

নিউজ ডেস্ক: পটুয়াখালীর দুমকি ও বাউফল উপজেলাকে সংযুক্ত করতে লোহালিয়া নদীর বগা এলাকায় দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। যোগাযোগ দুর্ভোগে থাকা এ অঞ্চলের মানুষের কষ্টের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর চিঠি লেখে বাউফলের দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবিরা (৮)।

সেই চিঠির পরিপ্রেক্ষিতেই সম্ভাব্যতা যাচাইয়ে বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী ইসলামিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সেতু নির্মাণের আশ্বাস দেন। এসময় মন্ত্রী বলেন, ‌‘সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম মাসের দিকে সেতুর কাজ শুরু হতে পারে।’

এর আগে দুপুর ১টার দিকে তিনি লোহালিয়া নদীর বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করে সম্ভাব্যতা যাচাই করেন।

মন্ত্রী জানান, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়ন ও কারিগরি সহায়তায় ‘বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ নামে সেতুটি নির্মাণ করা হবে। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের প্রথম মাসে নির্মাণকাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই সেতু। আমি মূলত এখানে এসেছি প্রধানমন্ত্রীর নির্দেশে। ছোট্ট আবিরা সেতুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি লিখেছে। বিষয়টি সংবাদমাধ্যমে দেখে প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন। এরপরই আমি এখানে ছুটে এসেছি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আবিরাকে ধন্যবাদ। এত অল্প বয়সে সে উন্নয়ন নিয়ে ভাবছে, এটি সত্যিই প্রশংসনীয়।’

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular