নিজস্ব প্রতিবেদক : আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এনিমেল হেলথ কোম্পানীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত। শনিবার (৩১ মে) রাজধানীর নিকুঞ্জের একটি অভিজাত হোটেলে এ নির্বাচনের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
আহকাবের সদস্য সংখ্যা ৮০০-এর বেশি হলেও এবারের নির্বাচনে ২০৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ, আর ভোটারদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক।
নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে একটি প্যানেলে ছিল ১৫ জন প্রার্থী, অন্য প্যানেলে ৯ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একজন প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান।
নির্বাচনে আলফা প্যানেলের লিডার নোভিভো হেলথ কেয়ার লি. এর চেয়ারম্যান সায়েম উল হক, সেঞ্চুরী এগ্রো লি. এর ডিরেক্টর মো. আনোয়ার হোসেন, এফটিডিসি ট্রেড এন্ড কনসালটেশনের সিইও ডা. এসএমএফবি আবদুস সবুর, বেঙ্গল এগ্রোভেট লি. এর ম্যানেজিং ডিরেক্টর তারেক মাহমুদ খান, প্ল্যানেট ফার্মা লি. এর ডিরেক্টর মো. মোসলেহ উদ্দিন, সেইফ বায়ো প্রোডাক্টস লি. এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সরোয়ার জাহান, ওরিয়েন্টাল ফার্মা এগ্রোভেটস লি. এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, আরআর এগ্রো ট্রেডার্স এর সিইও মোহাম্মদ রাশেদুল জাকির, এভোন পোল্ট্রির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহাবুব হাসান, রেডিয়ান্স এনিমেল হেলথের সিইও মো. তসলিম খান, হোভারস এগ্রোভেট লি. এর ডিরেক্টর খন্দকার রকিবুল ইসলাম, এরেনা এগ্রো লি. এর সিইও খন্দকার মুহাম্মদ মাহমুদ হোসেন, এভান্স এশিয়া লি. এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফয়জুর রহমান, এমএইচকে এগ্রো লি. এর চীফ এক্সিকিউটিভ মো. মোজাম্মেল হক খান এবং গ্রোটেক এনিমেল হেলথ এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ তারেক সরকার প্রতিদ্বন্দ্বিতা করেন।
সমমনা প্যানেলের, প্যানেল লিডার মো. কামরুজ্জামান (ব্যালট নং: ১০৭) মো. মাহবুবুর রহমান (ব্যালট নং: ৩৪৬), ইয়াহিয়া সোহেল (ব্যালট নং: ০৭৭), এস. এম. জসিম উদ্দিন (ব্যালট নং: ১৬৫), ডা. মুহাম্মদ তাফাজ্জল হোসেন (ব্যালট নং: ৪০২), জি এম রাবিউল আলম (ব্যালট নং: ৪৬৭), এ কে এম মাজহারুল ইসলাম সোহেল (ব্যালট নং: ৪৮৭), মো. কামরুজ্জামান বুলবুল (ব্যালট নং: ৫২৬), ও ডা. মো. তাজুল ইসলাম (ব্যালট নং: ২৯৫) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন চলাকালীন সময় প্রার্থীদের মধ্যে দেখা যায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। অনেকেই বলেন, এটি একটি মিলনমেলা। একাধিক প্রার্থী জানান, “আমরা সবাই ভাই ভাই। যেই জয়ী হোক না কেন, সবাই মিলে আহকাবের উন্নয়নে কাজ করব।”
ভোটাররাও জানালেন সন্তোষ প্রকাশ। একজন ভোটার বলেন, “সব প্রার্থী আমাদের আপনজন। সবাইকে জেতানো সম্ভব নয়, তবে যিনি জিতবেন, তিনি যেন সবাইকে নিয়ে কাজ করেন — এটাই আমাদের প্রত্যাশা।”
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ আর এম তাইবুর রহমান। তিনি বলেন, “নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রার্থীরা সকল নিয়ম মেনে চলেছেন, ভোটাররাও অংশ নিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। কোনো বিশৃঙ্খলার আশঙ্কা ছিল না। তবুও প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছিল।”
নির্বাচন কমিশনের অন্য সদস্য আব্দুল গোফরান ও ডা. মো. তারেক হোসেনও সার্বক্ষণিক উপস্থিত থেকে নির্বাচন পরিচালনায় সহায়তা করেন।
ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। ফলাফল প্রকাশের পর জয়ী প্রার্থীরা সংগঠনের গতিশীলতা বৃদ্ধির অঙ্গীকার করেন। নির্বাচনে হার-জিত থাকলেও সকলের লক্ষ্য এক — ‘আহকাব’-এর উন্নয়ন ও সদস্যদের কল্যাণ নিশ্চিত করা।



