“মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি সদয় আছেন। গত ১২ তারিখের নির্বাচনে ভোট দিয়ে যে সরকার আপনারা নিয়ে এসেছেন, সে সরকার সবসময় আপনাদের পাশে থাকবে।” হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার একথা বলেন।
আজ সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের “জাতীয় সম্মেলন-২০২৬” এর মঞ্চে তিনি বলেন, “ধর্ম যার যার থাকবে, সবাই মিলে একসাথে কাজ করবো, সম অধিকার বজায় রাখবো।”
তিনি আরও বলেন, “সকলের সম্মিলিত প্রয়াসে আমরা সামনে এগিয়ে যাব। প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তানের মধ্যে আমরা যে অগ্ৰযাত্রা দেখতে পাচ্ছি, আমরা তা সম্পন্ন করতে পারবো আশা করি।”
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জাতীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
তিনি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের এ প্রকল্প সম্পর্কে আরো বলেন, প্রকল্পে যে মডিউল আছে সেখানে জীবনের কথা আছে, সমাজের কথা আছে, দেশের কথা আছে, আন্তর্জাতিকতার কথা আছে এবং কিভাবে চলতে হবে তার কথা আছে। তিনি এই প্রকল্প সামনে এগিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেন।




