শিক্ষার্থীদের আনুষ্ঠানিক শিক্ষার অগ্রযাত্রায় শতভাগ শিক্ষার্থীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা, নৈতিকতার বিকাশ সাধন ও সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ বিনির্মান করার মহান উদ্দেশ্য নিয়ে বর্তমানে ৭৪০০০ শিক্ষক দায়িত্ব পালন করে আসছেন, বিশেষ অতিথি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার এ তথ্য জানান।
২৯ জুন ২০২৬ খ্রিঃ রোজ সোমবার সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তন, শাহবাগ, ঢাকায় অনুষ্ঠিত ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের “জাতীয় সম্মেলন-২০২৬” এ তিনি বলেন, “আমি রাজনীতি ও আপনাদের মাঝে সমন্বয়কের দায়িত্ব পালন করি।”
তিনি জানান, “নারীদের ক্ষমতায়ন ও অগ্রসরমান হওয়ার লক্ষ্যে মন্দির কেন্দ্রিক এই দায়িত্ব পালনরত শিক্ষকদের ৮০ শতাংশই নারী।”
তিনি আরও জানান, “২০০৩ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মন্দির কেন্দ্রিক শিক্ষার প্রথম পর্যায় শুরু হয়েছিল। আগামীকাল ৩০ জুন ৬ষ্ঠ পর্যায় শেষ হয়ে যাবে।”
এ সরকার সবসময় আপনাদের পাশে থাকবে: বিজন কান্তি সরকার
অনুষ্ঠানে জনাব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মুহাম্মদ শাহাদাত হোসাইন ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও।




