নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর কড়াইল বস্তির বউবাজারের দক্ষিণ সাইটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে বস্তির ওই অংশে আগুনের সূত্রপাত হয়। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় এবং প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন ধীরে ধীরে গুলশান-১ এর পশ্চিম পাশের লেকের দিকেও অগ্রসর হতে থাকে।
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রথমে ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে, পরে মোট ১৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে বস্তির সরু পথের কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে আটকে থাকে। পাশাপাশি তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে ব্যাপক বেগ পেতে হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ১০টা ৩৫ মিনিটে, অর্থাৎ প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে দুইটি তিনতলা ভবন এবং প্রায় ১০০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ঘটনার সময় এক শ্রেণীর লোকজন অন্যের মালামাল নিয়ে দৌড়াদৌড়ি করে বিশৃঙ্খলা সৃষ্টি করলেও, অনেক স্বেচ্ছাসেবক ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।
কড়াইল বস্তিতে আগুনের ঘটনা নতুন নয়। এর আগেও চলতি বছরের ২১ ফেব্রুয়ারি রাতে আগুনে ডজনখানেক ঘর ক্ষতিগ্রস্ত হয়। গত বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বর বস্তিটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।



