নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীর কুদার বাজার এলাকায় দুর্বৃত্তদের কুপিয়ে হত্যার শিকার হয়েছেন শাহাবুদ্দিন (৪০) নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কদমতলীর কুদার বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, শাহাবুদ্দিন কদমতলী-জুরাইন এলাকায় পরিবারসহ বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে গত দুই মাস ধরে নিজ বাসার নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা শুরু করেন।
তিনি বলেন, “রাতে জানতে পারি কদমতলীর কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান, আমার ভাই আর বেঁচে নেই।”
মহিউদ্দিন আরও বলেন, “কে বা কারা, কী কারণে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে—এ বিষয়ে এখনো কিছু বলতে পারছি না।”
এ বিষয়ে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই শাহাবুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, “নিহত ব্যক্তি আগে ভাঙারি ব্যবসা করতেন। দুই মাস ধরে গ্যাস সিলিন্ডারের ব্যবসা শুরু করেছিলেন। হামলাকারীরা ওই এলাকার স্থানীয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।




