ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখোলা কলামকর্মব্যস্ত স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের শয্যায়, দ্রুত সুস্থতা কামনা

কর্মব্যস্ত স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের শয্যায়, দ্রুত সুস্থতা কামনা

প্রফেসর ড. মোহাম্মদ আনিসুর রহমান ফরাজী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যস্ততম সেই অফিসকক্ষটি আজ যেন অস্বাভাবিক নীরব। নেই মানুষের ভিড়, নেই আগের মতো কর্মচাঞ্চল্য। যে মানুষটির উপস্থিতিতে প্রতিদিন মুখর থাকত এই কক্ষ, সেই বীর মুক্তিযোদ্ধা, সাহসী সৈনিক ও মানবিক স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন আজ নিজেই হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং হৃদ্‌যন্ত্রে ব্লক শনাক্ত হয়েছে। এখন পরবর্তী চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায়। তাঁর অসুস্থতার খবরে দেশজুড়ে মানুষ নীরব হয়ে পড়েছে।
আমরা দেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।
হাসপাতালের পর হাসপাতাল ছুটে চলা একজন কর্মযজ্ঞ মানুষ যিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই মন্ত্রীকে দেখা গেছে এক ব্যতিক্রমী ভূমিকায়। প্রচলিত প্রশাসনিক প্রটোকলের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে তিনি সরাসরি ছুটে গেছেন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে।
কোথাও চিকিৎসক উপস্থিত নেই, কোথাও নার্সের সংকট, কোথাও রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না, কোথাও হাসপাতালের শয্যায় ছারপোকার উপদ্রব—এসব বাস্তব চিত্র তিনি সরেজমিনে দেখেছেন। রোগীদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের অভিযোগ শুনেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চেয়েছেন।
বিশেষভাবে লক্ষণীয়, তিনি চিকিৎসক ও নার্সদের কাছে করজোড়ে অনুরোধ করেছেন, কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকতে, রোগীদের যথাযথ চিকিৎসা দিতে এবং পেশাগত দায়িত্ব মানবিকতার সঙ্গে পালন করতে।
একজন মন্ত্রীর এই মানবিক আবেদন আমাদের বিবেককে নাড়া দেয়। দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। হাসপাতাল পরিদর্শনের একপর্যায়ে মন্ত্রী দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। এমনকি হাসপাতালের পরিস্থিতির পরিবর্তন না হলে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে না এলে পদত্যাগের কথাও বলেছেন।
তাঁর এই বক্তব্যের মধ্যে রয়েছে স্বাস্থ্যব্যবস্থার বাস্তব পরিস্থিতি নিয়ে গভীর হতাশা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা।
হাসপাতালের অনিয়ম প্রতিরোধ, চিকিৎসক-নার্সদের উপস্থিতি নিশ্চিত করা, রোগীদের অভিযোগ তদন্ত এবং সেবার মান নিয়মিত মূল্যায়নের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।
একজন মন্ত্রী অসুস্থ, কিন্তু সংস্কার কার্যক্রম থেমে থাকতে পারে না। আজ মন্ত্রীর অফিসকক্ষের নীরবতা আমাদের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা স্মরণ করিয়ে দেয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনো একজন ব্যক্তির ওপর নির্ভরশীল থাকতে পারে না।
একজন মন্ত্রী অসুস্থ হলে প্রশাসনিক কার্যক্রম থেমে যাওয়ার কথা নয়। তাঁর শুরু করা সংস্কার কার্যক্রমও যেন থেমে না যায়। আমরা চাই, স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁর অনুপস্থিতিতেও হাসপাতাল মনিটরিং, দুর্নীতি প্রতিরোধ, চিকিৎসক-নার্সদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং রোগীদের অধিকার সুরক্ষার কার্যক্রম অব্যাহত রাখুক।
একই সঙ্গে চিকিৎসকদের মনে রাখতে হবে, স্বাস্থ্যমন্ত্রী নিজে একজন রোগী হিসেবে যে চিকিৎসা ও মানবিক আচরণ প্রত্যাশা করছেন, দেশের প্রত্যেক সাধারণ রোগীরও ঠিক একই অধিকার রয়েছে।
একজন বীর মুক্তিযোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়েছেন। আজ জীবনের এই পর্যায়ে এসে তিনি দেশের স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তনের জন্য মাঠে নেমেছেন। তাঁর এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন, দীর্ঘায়ু করেন এবং আবারও মানুষের কল্যাণে কাজ করার শক্তি দেন।
আমরা চাই, মন্ত্রণালয়ের সেই নীরব অফিসকক্ষ আবার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠুক। তিনি ফিরে আসুন তাঁর কর্মস্থলে, ফিরে আসুন দেশের মানুষের মাঝে। কারণ, একজন স্বাস্থ্যমন্ত্রীর সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে আসা যেমন আমাদের প্রত্যাশা, তেমনি তাঁর স্বপ্নের একটি মানবিক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করাও আমাদের জাতীয় প্রত্যাশা।
লেখক- কলামিস্ট ও গবেষক
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular