বিশেষ প্রতিনিধি, ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর, প্রথম কাজ ছিল বরাদ্দের ক্ষেত্রে কোটা বাতিল করা। আমরা এটা করেছি।আমরা কল্পনার নয়, বাস্তবসম্মত ঢাকাকে গড়ে তুলতে চাই। আমরা ঢাকার সাথে পাশের জেলাগুলোর কানেক্টিভিটি বৃদ্ধির চেষ্টা করছি। যেন অন্য জেলাগুলো থেকে ঢাকাতে এসে মানুষ দ্রুত কাজ শেষ করে ফিরে যেতে পারে।
২৩ এপ্রিল বুধবার ঢাকায় রাজউক অডিটোরিয়ামে রাজউক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, ঢাকার পাশেই একসময় ছিল মধুপুর ভাওয়াল বনাঞ্চল ছিল, নগর তৈরি করতে যেয়ে তা ধ্বংস করে ফেলা হয়েছে। অপরিকল্পিত নগরায়ন যেন না হয়, সেক্ষেত্রে রাজউকের ভূমিকা আছে। রাজধানীর উন্নয়নে স্থানীয় মানুষের অংশগ্রহণ জরুরী। সেবা পৌঁছে দেওয়ার জন্য কি কি পরিবর্তন জরুরি, এজন্য সাধারণ মানুষের মতামত জানা প্রয়োজন। এখন রাজউক সেটা করছে।
এ মতবিনিময় সভায় আরো অংশগ্রহণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম বলেন, আমরা সবাই একসাথে ভালো কাজ করলে রাজউকের সেবার মান আরো বৃদ্ধি পাবে। রাজউকের যেকোন উন্নয়নে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম বলেন, রাজউকের প্রধান সমস্যা ইমেজ সংকট। রাজউকের কর্মকর্তাদের সততা ও দ্রুততার সাথে সেবা দিতে হবে। রাজউক আর প্লট বরাদ্দ করবে না। রাজউকের যেসকল জায়গা অবৈধ দখলে আছে, সেসব জমি উদ্ধার করে নিম্ন বিত্ত ও নিম্ন মধ্য বিত্তদের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণ করবে।
ঢাকা নিউজ/এস



