নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পাবলিকিয়ানের উদ্যোগে ঈদ পুনর্মিলন, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আনন্দঘন পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও বিদায়ী পাবলিকিয়ানদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি নবীন পাবলিকিয়ানদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
কসবা উপজেলা পাবলিকিয়ানের সভাপতি হিমেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সাবেক সচিব মো. তাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মো. সফিকুল ইসলাম, কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম এবং কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন প্রমুখসহ।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সমাজের অবহেলিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ হওয়ার আগেই মাদকের মতো সামাজিক সমস্যায় জড়িয়ে পড়ছে এ বিষয়ে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানানো হয়। অতিথিরা সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শুরুতে ঈদ পূর্ণমিলনের মাধ্যমে উপস্থিত সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা সৃষ্টি হয়। পরে বিদায়ী পাবলিকিয়ানদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান।




