ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়কোরবানির ঈদ সামনে রেখে শাহরাস্তিতে ‘কিং’ জোড়া ষাঁড়ের চমক

কোরবানির ঈদ সামনে রেখে শাহরাস্তিতে ‘কিং’ জোড়া ষাঁড়ের চমক

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : কোরবানির ঈদকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির দুটি ষাঁড়। স্থানীয়দের কাছে এগুলো এখন পরিচিত ‘শাহরাস্তি কিং-১’ ও ‘শাহরাস্তি কিং-২’ নামে। প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন ষাঁড় দুটি একনজর দেখতে।

শাহরাস্তি উপজেলার দারুনকরা গ্রামের শাহরাস্তি অ্যাগ্রো ফার্মে প্রায় এক বছর ধরে লালন-পালন করা হয়েছে ফ্রিজিয়ান জাতের এই দুটি ষাঁড়। এর মধ্যে ‘শাহরাস্তি কিং-১’-এর ওজন প্রায় ২২ মণ এবং ‘শাহরাস্তি কিং-২’-এর ওজন ২০ মণ। জোড়া ষাঁড়ের দাম চাওয়া হচ্ছে ১৩ লাখ টাকা।

খামারের মালিক মো. সাখাওয়াত হোসেন বলেন, “কোরবানির ঈদকে সামনে রেখে এক বছর আগে গরু দুটি কিনেছিলাম। দেশীয় ঘাস, খড়, খৈল ও দানাদার খাবার খাইয়ে যত্নে বড় করেছি। শাহরাস্তিতে এত বড় গরু এবার আর কারও খামারে নেই বলে আমার জানা নেই।”

তিনি বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। সে তুলনায় গরুর দাম খুব বেশি ধরা হয়নি। ক্রেতারা খামারে এসে গরু দেখে যাচ্ছেন। ভালো দাম পাবেন বলে আশা করছেন তিনি।

খামারের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গরু দুটি সুস্থ রাখতে প্রতিদিন নিয়মিত পরিচর্যা করা হয়। দিনে দুইবার শ্যাম্পু দিয়ে গোসল করানোর পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। গরুগুলোর জন্য আলাদা পরিচ্ছন্ন পরিবেশও রাখা হয়েছে।

খামারে গরু দেখতে আসা স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “এত বড় গরু এলাকায় খুব একটা দেখা যায় না। শুনে দেখতে এসেছি। গরু দুটি সত্যিই বিশাল।”

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতিময় ভৌমিক বলেন, “এবার চাঁদপুর জেলায় কোরবানির পশুর চাহিদা ধরা হয়েছে ৭৫ হাজার ২৪৮টি। এর বিপরীতে প্রায় ৯ হাজার ১৫০টি পশুর ঘাটতি রয়েছে। তবে ঈদের আগে শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও উত্তরাঞ্চল থেকে পশু এলে সেই ঘাটতি পূরণ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, জেলায় কোরবানির পশু কেনাবেচার জন্য প্রায় দুই শতাধিক হাট বসবে। পাশাপাশি অনলাইনেও অনেক খামারি পশু বিক্রি করবেন।

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular