ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগণভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিম

গণভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিম

নাজমুল হোসেন : গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর না করা হলে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

রোববার সকালে লক্ষ্মীপুর শহর জামায়াতের উদ্যোগে শহরের উত্তর তেমুহনী এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. রেজাউল করিম বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ দুটি ভোট দিয়েছেন। একটি সরকার গঠনের জন্য, অন্যটি গণভোটে নিজেদের মতামত জানানোর জন্য। সরকার দলীয় ভোটের ভিত্তিতে ক্ষমতায় এলেও গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় অস্বীকার করছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘একটি ভোট যদি বৈধ হয়, একই দিনে দেওয়া অপর ভোটটি কেন অবৈধ হবে? আপনারা যদি গণভোটের রায় মেনে না নেন, স্বাভাবিকভাবেই এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ জনগণ দুটি ভোটেই অংশ নিয়েছিল।’

জামায়াতের এই নেতা বলেন, তাঁদের চলমান লংমার্চ কর্মসূচি সরকার পতনের জন্য নয়; বরং গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারত্ব ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের তাগিদ দিয়ে রেজাউল করিম বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। অপরাধী যে দলেরই হোক, তাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধ দমন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্থিতিশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাছিরুদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফাহার নিশান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিনউল্লাহ পাটওয়ারীসহ স্থানীয় নেতাকর্মীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular