গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে গুরুতর আহত বৃদ্ধের দৃষ্টিশক্তি হারানোর উপক্রম হয়েছে। এদিকে পরিবারের সদস্যরা পুনরায় হামলার আশঙ্কায় বাড়ি ছাড়া রয়েছে বলে থানায় অভিযোগ করলেও পুলিশ আইনি পদক্ষেপ নিচ্ছনা।গত ৩ অক্টোবর উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জাহিদুলদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত রফিক,কালামদের সঙ্গে বিরোধ চলছিল।পূর্বশত্রুতার জেরে ঘটনার দিন রফিক,কালাম,সিয়াম ও জামানসহ আরো কয়েকজন সংঘবদ্ধভাবে জাহিদুলের বাড়ির সামনের রাস্তায় তার বাবা আব্দুর রশিদকে দেশীয় অস্ত্রের আঘাতে আহত করে।তিনি গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।এ ঘটনায় আব্দুর রশিদের বাম চোখে মারাত্মকভাবে আঘাত পায়।আহতের ছেলে জাহিদুল জানায়,এখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা চক্ষু হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেয়।তাদের আশঙ্কা মারধরের শিকার এই ব্যক্তির চোখের কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।দ্রুত চিকিৎসা গ্রহণ না করলে তিনি বাম চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন।হামলার শিকার আব্দুর রশিদ বলেন,আমাদের সঙ্গে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্তরা এই হামলা করে।তারা আমাদের উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছে।এলকায় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সাধারণ মানুষ ভয় পায়।আমার পরিবারের সদস্যরা তাদের হামলার ভয়ে বাড়ি ছাড়া রয়েছে।এই হামলার ঘটনায় পরে জাহিদুল বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।পাগলা থানার ওসি মো আমিনুল ইসলাম বলেন,তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




