মাহমুদ মীর
সাম্প্রতিক শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকস (BRICS) দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি ‘গ্লোবাল সাউথ’-এর (উন্নয়নশীল বিশ্ব) জন্য একটি রূপকল্প তুলে ধরেন এবং বাণিজ্য, উৎপাদন, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ দফা উদ্যোগ বাস্তবায়নে নেতাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
নিজের বক্তব্যে শি নিয়ম-কানুনহীন বিশ্বকে ট্রাফিক সিগন্যালবিহীন বিশৃঙ্খল রাস্তার মোড়ের সাথে তুলনা করেন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ন্যায্যতা ও ন্যায়বিচারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আইনের শাসন সমুন্নত রাখতে গ্লোবাল সাউথের দেশগুলোর প্রতি সম্মিলিত আহ্বান জানান এবং জোর দিয়ে বলেন যে, আকার বা সম্পদের নির্বিশেষে বিশ্বমঞ্চে সব দেশের সাথেই সমান আচরণ করা উচিত।
শি-র উদ্যোগগুলোর মধ্যে রয়েছে একটি অন্তর্ভুক্তিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কাঠামো প্রতিষ্ঠা, ব্রিকস বিশেষ অর্থনৈতিক অঞ্চল অংশীদারিত্ব গড়ে তোলা এবং একটি ডিজিটাল ইকোসিস্টেম ক্লাউড প্ল্যাটফর্ম তৈরি করা। এছাড়া তিনি বুদ্ধিভিত্তিক বা স্মার্ট উৎপাদন ব্যবস্থায় সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে মেধা বিকাশের লক্ষ্যে একটি ‘ব্রিকস প্রকৌশলী প্রশিক্ষণ জোট’ গঠনের প্রস্তাব দেন।
এই পদক্ষেপগুলোর পক্ষে কথা বলার মাধ্যমে শি উদীয়মান বাজারগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর যাতে গুরুত্ব পায়, তা নিশ্চিত করতে চেয়েছেন। আন্তর্জাতিক আর্থিক কাঠামোয় সংস্কারের জন্য তাঁর আহ্বান বিশ্ব পরিচালন ব্যবস্থায় গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।



