নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী মারা গেছেন।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের চিববাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা এলাকার ছিদ্দিক আহমেদের দুই ছেলে হুমায়ূন (৩৮) ও মামুন (২৮) এবং তাদের মামা একই ইউনিয়নের করিয়ানগর এলাকার ৪০ বছর বয়সী আবদুর রশিদ।
প্রত্যক্ষদরর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, চিববাড়ী সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা বেপরোয়াভাবে মহাসড়কে উঠার সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে পাশে থাকা দ্রুতগামী একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। আর এতেই ঘটনাস্থলে ট্রাকের নিচে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়।
এদিকে, লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং সেখান থেকে ৩টি মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ঢাকা নিউজ/এস



