চাঁদা দাবি ও হুমকির প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বলে দাবি সাংবাদিক রিমনের; অভিযুক্ত যুবদল নেতার বক্তব্য পাওয়া যায়নি
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে সংবাদ সংগ্রহের সময় তানভীর আহমেদ রিমন নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আনোয়ার হোসেন সাদ্দাম চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
তানভীর আহমেদ রিমন লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক নতুন চাঁদ পত্রিকার স্টাফ রিপোর্টার।
রিমন জানান, দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেলে চন্দ্রগঞ্জ বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলের সংবাদ সংগ্রহের সময় হঠাৎ সাদ্দাম তাঁর ওপর হামলা চালান। পরে বিএনপির নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করেন।
সাংবাদিক রিমনের অভিযোগ, তিনি চন্দ্রগঞ্জ বাজারে ব্যবসা করেন। বিভিন্ন সময়ে তাঁর দোকানে গিয়ে সাদ্দাম চাঁদা দাবি ও হুমকি দিতেন। বিষয়টি নিয়ে তিনি দলের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাদের কাছে অভিযোগ করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে মিছিল চলাকালে তাঁকে ‘আওয়ামী লীগ’ আখ্যা দিয়ে হামলা করা হয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন সাদ্দামের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের দায়িত্ব নিয়েছেন।



