নিউজ ডেস্ক: জাতীয় সংসদে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী যুক্ত করে অর্থবিল-২০২৬ কণ্ঠভোটে পাস হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি চূড়ান্ত পাসের জন্য উত্থাপন করলে সংসদ তা অনুমোদন দেয়।
পাস হওয়া অর্থবিলে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন (TIN) নম্বরের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘদিনের আলোচিত কালো টাকা সাদা করার সুযোগও বাতিল করা হয়েছে।
বিলটি পাসের আগে সংসদ সদস্যরা বিশাল বাজেট ঘাটতি, কর ও ভ্যাটের চাপ, ব্যাংকিং খাতের অনিয়ম, শিক্ষা ও স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা এবং সরকারের অর্থনৈতিক নীতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কয়েকজন সদস্য বিলটি অধিকতর যাচাইয়ের জন্য জনমত গ্রহণের প্রস্তাবও উত্থাপন করেন।
সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার দুর্বল অর্থনীতি ও ভঙ্গুর প্রাতিষ্ঠানিক কাঠামো উত্তরাধিকার হিসেবে পেলেও কার্যকর নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান, দক্ষ জনপ্রশাসন এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আশাবাদী।-
অর্থমন্ত্রীর ভাষায়, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।




