রাজধানীতে আসাদুজ্জামান (২৫) নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ জুন) রাত পৌনে ১২টার দিকে মেরুল বাড্ডার একটি বাসার তৃতীয় তলা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আসাদুজ্জামান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বরিশালের কাউনিয়া থানার কাজীবাড়ি মসজিদের ১ নম্বর লেনে। বর্তমানে তিনি রাজধানীর মেরুল বাড্ডার শামসুজ্জামান দুদুমিয়ার বাসায় (ল-৩২/৪/১) ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মিয়া গণমাধ্যমকে বলেন, বিকেলের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে একটি রুমের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আসাদুজ্জামানকে ঝুলে থাকতে দেখি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান তিনি আগেই মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
ওই বাসায় আসাদুজ্জামানসহ আরও একজন থাকতো জানিয়ে এসআই আরও বলেন, এদের মধ্যে একজন ড্রয়িং রুমে থাকতেন, আর আসাদুজ্জামান একটি রুম নিয়ে থাকতেন। আমরা যতটুকু জানতে পেরেছি, ড্রয়িং রুমের ওই সদস্য তখন ঘুমিয়ে ছিলেন এবং আসাদুজ্জামান সবার অগোচরে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে পড়ে। পরে দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দিলে আমরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি।
তিনি বলেন, আসাদুজ্জামান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাবা শামসুজ্জামান বাবু একজন ইঞ্জিনিয়ার এবং মা একটি স্কুলের শিক্ষিকা বলে জানা গেছে। তবে কী কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন, প্রাথমিকভাবে তা জানা যায়নি।



