লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিবেদক: জামালপুর সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় এক বিচারক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার লাহিড়ীকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছেন।
নিহত বিচারকের নাম এ কে এম সামিউল হক (২৭)। তিনি জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকার সাবেক সচিব এ কে এম ফজলুল হকের ছেলে।
আহত প্রাইভেট কারের চালকের নাম মো. ইদ্রিস আলী (৪৬)। তিনি ঢাকার ধানমন্ডি এলাকার দানেশ হাওলাদারের ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ওই এলাকায় একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ভোরে বিচারককে বহনকারী প্রাইভেট কারটি ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এ সময় ট্রাকে থাকা রড প্রাইভেট কারের ভেতরে ঢুকে বিচারকের শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন সিভিল জজ একেএম সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




